খুলনার পাইকগাছায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনিরুল (৩৫) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেলুটি ইউপি হরিণখোলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। হরিণখোলা গ্রামের যুধিষ্ঠি মন্ডলের স্ত্রী মুদি দোকানী শিল্পী জানান, আমার মেয়ে (ভিকটিম) কালীনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বিভিন্ন সময় মেয়েকে স্থানীয় আনন্দ সরদার নামে এক যুবক উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে বহুবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে এ পথ থেকে সরে আসেনি। শিল্পী আরোও জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমি দোকানে কেনা-বেঁচা কালে মেয়ে (ভিকটিম) বাড়ীতে ছিল। তিনি অভিযোগ করেন বাড়ীতে কেউ না থাকার সুযোগ নিয়ে আনন্দ ও মনিরুল বাড়ীতে প্রবেশ করে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এ দু'যুবককে আটক করেন। এরইমধ্যে চম্পক নামে এক যুবক কৌশলে আনন্দকে পালানোর সুযোগ করে দেয়। এদিকে ঘটনার পর খবর পেয়ে দেলুটি ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরুলকে গ্রেফতার করে থানা হেফাজতে পাঠান। এ ঘটনায় শনিবার ছাত্রীর মা শিল্পী গোলদার বাদী হয়ে আনন্দ, মনিরুল ও চম্পক কবিরাজের বিরুদ্ধে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় গ্রেফতারকৃ যুবককে আদালতে প্রেরনের কথা উল্লেখ করে ওসি মো. এজাজ শফী জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।