করোনা মহামারির মতো আর কোন মহামারির যেন পুনরাবৃত্তি হতে না পারে এ লক্ষ্যে নিজ নিজ রিসোর্সকে ব্যবহার করে প্রতিরোধের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন জোট জি সেভেন নেতারা। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার এ নিয়ে কোন লক্ষ্য নির্ধারণের ঘোষণা দিতে পারেন তারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়াও আগামী একশ দিনের মধ্যে করোনার টিকা উৎপাদন বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন তারা। শুক্রবার যুক্তরাজ্যের কর্ণওয়ালে ধনীদেশগুলোর জোট জি-সেভেনের তিনদিনের সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথমদিন 'বিল্ড ব্যাক বেটার' স্লোগানকে সামনে রেখে ন্যায়সঙ্গত ভবিষ্যত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে নৈশ ভোজে অংশ নেন জি-সেভেন নেতারা। এর আগে, শুক্রবার দরিদ্র দেশগুলোর জন্য ৫০ কোটি করোনা টিকা যুক্তরাষ্ট্র ও ১০ কোটি টিকা যুক্তরাজ্য দেবে বলে ঘোষণা দেয়। তবে বরিস জনসনের আশা, এ সম্মেলনে তারা একশ কোটি টিকা দরিদ্র দেশগুলোর জন্য দেবে। তবে এই সহায়তা খুবই নগণ্য বলে মন্তব্য করেছে দাতব্য সংস্থাগুলো।