বগুড়ার নন্দীগ্রামে মটর সাইকেল দুর্ঘটনায় সাগর হোসেন (১৯) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরো দুই ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ জুন) বিকেলে নন্দীগ্রাম পৌর শহরের নামুইট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সাগর হোসেন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। আহত দুইজন শ্যামল (১৮) ও সবুজ (১৮) একই গ্রামের বাসিন্দা এবং নিহত সাগরের বন্ধু।
স্থানীয়রা জানায়, ছাত্রলীগের তিন কর্মী মটরসাইকেল যোগে নন্দীগ্রাম থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নামুইট এলাকায় রাস্তায় একটি অটোভ্যানের সাথে মটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মটরসাইকেলটি ছিটকে রাস্তায় পড়ে যায় এবং মটরসাইকেল চালক সাগর হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। নিহতের মরদেহ দুর্ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
নিহত সাগর হোসেন ছাত্রলীগের কর্মী এ তথ্য নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহম্মেদ নিশ্চিত করেছেন।