ইরানের সাবেক তিন সরকারি কর্মকর্তা ও দুইটি কোম্পানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। যারা ইরানের পেট্রলজাত পণ্যের বিপণনের সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়া হয়। যাকে নিয়মিত কাজের অংশ বলে বর্ণনা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্র নিয়মিত কাজের অংশ বললেও বৃহৎ অর্থে এটির মাধ্যমে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তুতির ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয় ‘‘আজ, অফিস অব ফরেন এসেটস কন্ট্রোল (ওএফএসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সাবেক তিন সরকারি কর্মকর্তা এবং দুইটি কোম্পানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। যারা এর আগে ইরানের পেট্রলজাত রাসায়নিক পণ্য ক্রয়, অধিগ্রহণ, বিক্রয়, পরিবহন এবং বাজারজাতকরণের সঙ্গে জড়িত ছিল।” তবে যে তিন ব্যক্তি ও দুই কোম্পানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি। অর্থমন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যে তিনজন ব্যক্তির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তারা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে তারা ‘এখন আর কোনোভাবেই ইরান সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট নন। তাই তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের আর কোনো কারণ নেই।” এ সপ্তাহেই ভিয়েনায় ইরান পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের ষষ্ঠ দফা আলোচনা শুরু হওয়ার কথা। যদিও তারা সরাসরি এখনো এ বিষয়ে আলোচনা শুরু করেনি। নিজেদের পরমাণু কার্যক্রম নিয়ে ২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে চুক্তি করেছিল ইরান; যেটি ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত। কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দেশিটিকে পুনরায় ইরান পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এজন্য ইরানকে চুক্তির সব নিয়ম কঠোরভাবে অনুসরণ করার শর্ত জুড়ে দিয়েছেন। বলেছেন, ইরান যদি পরমাণু চুক্তির সব শর্ত সম্পূর্ণ অনুসরণ করে তবে যুক্তরাষ্ট্র দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনা করবে। ইরানের সঙ্গে আলোচনা কতদূর অগ্রসর হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘‘আমরা আলোচনায় অগ্রসর হয়েছি, কিন্তু এসব কথা আমরা আগেও শুনেছি। এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। বড় বড় বিষয়গুলোতে এখনো মতভেদ রয়ে গেছে।”