প্রাণঘাতি কোভিড-১৯ ভাইরাসের কারণে ১৭ মার্চ ২০২০ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে না আসায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ দফায় দফায় পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এদিকে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে থাকায় হাঁপিয়ে উঠেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। তাঁরা সকলেই চাইছে অন্যান্য সেবা প্রতিষ্ঠান যেভাবে সীমিত পরিসরে চালুর অনুমোদন সরকার দিয়েছে সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানও সীমিত পরিসরে খোলার অনুমতি দেওয়া হোক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা আর সমালোচনার ঝড়। কিন্তু কোভিড-১৯ টিকা নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে সরকার ততটা আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ থাকলেও শহরাঞ্চলের শিক্ষার্থীরা প্রাইভেট টিউশনির মাধ্যমে ঠিকই চালিয়ে যাচ্ছে তাদের পড়ালেখা। দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে চোখ মেললেই সহজেই এর প্রমাণ মিলবে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রস্তুত থাকলেও কতটা প্রস্তুত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সেগুলো জর্জরিত হয়ে পড়েছে নানা সমস্যায়। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দিলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সময়মতো ক্লাস শুরু করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট শংসয় রয়েছে।
সরেজমিনে উপজেলার নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছ সেখানে বসবাস করছেন নির্মাণ শ্রমিকরা। মাঠে ছিটিয়ে রাখা হয়েছে নির্মাণ সামগ্রীর মালামাল ও মাটি। মাটিন্দর ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে সেখানে শ্রেণী কক্ষে নির্মাণ সমগ্রীর মালামাল রাখা হয়েছে। আকবরপুর ইউনিয়নের মধইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সপ্তাহে এক দিন বসানো হয় ছাগলের হাট। পাটিচড়া ইউনিয়নের কাশিপুর সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিনিয়ত মাদেকর আসর বসে বলে জানা গেছে। নজিপুর সরকারি কলেজ ক্যাম্পাসে স্তুপ করে রাখা হয়েছে মাটি ও ছিটিয়ে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। বাবনাবাজ মদিনাতুল দাখিল মাদরাসা মাঠ হয়ে উঠেছে গরু ছাগলের চারণভূমি। একই অবস্থা উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই বলে জানা গেছে।
এ বিষয়ে শিবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন বলেন, আমি ঠিকাদারকে বলেছি শ্রেণী কক্ষ ছেড়ে দিতে। তারা শ্রেণী কক্ষ ছেড়ে দিলে পরিষ্কার করব। বিদ্যালয় খোলার আগে সব ঠিক হয়ে যাবে। অন্য প্রধান শিক্ষকরা প্রায় একই ধরণের মন্তব্য করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো নিদের্শনা এখনো পাইনি। তারপরও সকল প্রতিষ্ঠান পরিষ্কার রাখতে প্রধানদের বলে দিয়েছি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে সেগুলো সরানোর জন্য অনুরোধ করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোছহাক আলী জানান, দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ থাকার জন্য অপরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা সত্য। আমারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষাক্রম পরিচালনার পরিবেশ গড়ে তুলতে নির্দেশনা দিয়েছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার জানান, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালানোর মত পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণী কক্ষ কেউ গরু, ছাগল চরানোর কাজে বা ভিন্ন কোন কাজে ব্যবহার করলে সেটা ঠিক করেনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য পত্নীতলা উপজেলায় ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৭ টি উচ্চ বিদ্যালয়, ৪৩ টি মাদরাসা, ৬২টি কিন্ডার গার্ডেন ও ১১টি কলেজ রয়েছে।