বগুড়ার আদমদীঘিতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় বুলডোজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালিয়েছে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আদমদীঘির মুরইল বাজার ও আদমদীঘি সদরের প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম।
উচ্ছেদ অভিযানে সহয়তা করার জন্য কয়েকদিন ধরে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে সওজের পক্ষ থেকে মাইকে প্রচারনা চালানো হয়। অভিযানে পাকা স্থাপনার পাশাপশি উপজেলা সদরের হাট এলাকায় অস্থায়ী স্থাপনাও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ হওয়া কয়েকজন ব্যবসায়ী বলেন, উচ্ছেদের সময় তাঁদের দোকানে থাকা মালামাল তাঁরা সরাতে কর্তৃপক্ষের কাছে কিছু সময়ের আবেদন করা হলেও তাঁদের কোন সময় না দিয়ে বিভিন্ন পণ্যসহ গুড়িয়ে দেওয়া হয়। এতে করে ব্যবসায়িদের ক্ষতি হয়। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, উচ্ছেদ করার পর আবারও সড়কের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যহত থাকায় এই অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানের অব্যহত থাকবে।