রাজশাহীতে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২১ এবং ভূমি অধিগ্রহণের চেক ও ই-পর্চা হস্তান্তর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর বলেছেন, ‘এবারের ভূমি সেবা সপ্তাহের কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্যে হলো ডিজিটাল ভূমি সেবা ও এর প্রচার-প্রসার। তাই ভূমি অফিসের সাথে জনগণের আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। একই সাথে ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি করার লক্ষ্যে কার্যকরী ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে সর্বোপরি স্বচ্ছ ও জনবান্ধন ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। সে লক্ষ্যে প্রত্যেক জেলা-উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সেবা ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা।’ বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের প্রতিপাদ্য ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’-এর গুরুত্ব দিয়ে উপস্থিত কর্মকর্তাগণদের উদ্যেশ্যে তিনি বলেন, সাধারণের মতামত জানতে ‘কেমন ভূমি সেবা চাই’ শিরোনামে বিদ্যালয় পর্যায়ে এক হাজার ও কলেজ পর্যায়ে এক হাজার ৫০০ শব্দ বিশিষ্ট রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এছাড়াও ভূমি সেবা সকলের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক ও ইউটিউবে ডিজিটাল ভূমি সেবাসমূহ পোষ্টিং ও শেয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। এ সময় ভূমি সেবার লক্ষ্যে মুজিববর্ষের চেতনায় একটি কার্যকরী ও সেবামূলক ভূমি সেবা সপ্তাহ পালন ও ভূমি উন্নয়ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে আলোকপাত করেন বিভাগীয় কমিশনার।
রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মোঃ আবদুল মান্নান এবং জেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণের চেক ও ই-পর্চা হস্তান্তর করেন প্রধান অতিথি।