সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় ভূ-গর্ভের বালি উত্তোলন করে ফসলী জমিসহ ভিটেবাড়ির জমি বিনষ্টের সম্ভাবনা থাকায় বালি উত্তোলন বন্দের দাবী জানিয়ে আশাশুনি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
সরকার ভূগর্ভের বালি উত্তোলন নিষিদ্ধ করলেও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় ড্রেজার ম্যাশিনের সাহায্যে বালু উত্তোলন করা হচ্ছে। এরই অংশ হিসাবে বুধহাটা গ্রামে গত মঙ্গলবার থেকে ভূগর্ভের বালি উত্তোলন করা হচ্ছে।
বুধহাটা গ্রামের মৃত আকবর আলির স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বুধবার লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, বুধহাটা মৌজায় তারা দীর্ঘকাল বসতভিটায় ঘরবাড়ি বেধে বসবাস করে আসছিলেন। ঘূর্ণিঝড় আম্ফানে তার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হলে পাশে একস্থানে অস্থায়ী ভাবে বসবাস করছেন। দ্রুতই তারা সেখানে (পুরনো ভিটায়) ঘর বেধে বসবাস করবেন।
তাদের ভিটার পাশে ফনে সরদারের ছেলে ছালামের ১০ শতক জমি আছে। সেই জমিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়কে দেওয়া হচ্ছে। প্রায় এক কিঃমিঃ সড়কে বালু উঠিয়ে দেওয়া হলে পাশে তার ভিটাবাড়ি ও বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদের ১০ শতক ফসলী জমিতে যে কোন মুহুর্তে ধ্বস নামতে পারে। এ ছাড়া আশপাশের জমিতেও ধ্বস নামান সম্ভাবনা রয়েছে। গ্রামের ও মসজিদের লোকজন নিষেধ করলেও শোনা হচ্ছেনা।
বাধ্য হয়ে ফতেমা খাতুন ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবি জানান হয়েছে।