মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেছেন, সফিপুর ইউনিয়নবাসী আমার অক্সিজেন, জনসেবা করাই আমার কর্তব্য। তিনি বুধবার সকাল ৯টায় সফিপুর ইউনিয়নের নোমরহাট বাজারে সুবিধাভোগীদের মাঝে ভিডিজি কার্ডের চাল বিতরণ কালে এ কথা বলেন। তিনি আরও বলেন, সফিপুর ইউনিয়নের সাধারণ মানুষ ভোট দিয়ে বিগত ৫ বছর আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিগত বছরগুলোতে আমি যথাসম্ভব আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সফিপুর ইউনিয়নের মানুষ ভালো থাকলেই আমি ও আমার পরিবারের সদস্যরা ভালো থাকবো। জনসেবা করার লক্ষ্য নিয়ে আমি ইউনিয়নবাসীর পাশে দাড়িয়েছি। আজীবন তাদের পাশে থাকবো। ঘুর্ণিঝড় আম্পান ও বৈশ্বিক মহামারি করোনাকালে ইউনিয়নবাসীর পাশে থাকার কথা উল্লেখ করে ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, নিজের সংক্রমনের কথা ভুলে ইউনিয়নের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছি। ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে। ইউনিয়নবাসী সুযোগ দিলে আজীবন তাদের পাশে থেকে কাজ করে যাবো। পরে তিনি ইউনিয়নের ৫৬৩জন সুবিধাভোগীর মাঝে ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ খান, সফিপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি দলিল উদ্দীন দুলাল সিকদার, ওয়ার্ড আ.লীগ সভাপতি বাবুল শরীফ, ইউপি সদস্য আবুল কাসেম চাকলাদার, সোহেল সরদার, আলাউদ্দীন মোল্লা, বিল্লাল চাকলাদারসহ ইউনিয়ন আ.লীগ নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।