দিনাজপুরের মাতা সাগরের উত্তর পশ্চিম পাড় থেকে মোহন মন্ডল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মুখের ডানদিকের অংশটি থেতলে দেয়া ছিল এবং ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বুধবার সকালে দিনাজপুর শহরের মাতাসাগর নামক পুকুরের উত্তর পশ্চিম পাড় থেকে মোহন মন্ডল (২৩) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মোহন মন্ডল (২৩) দিনাজপুর শহরের রাজবাটির গুঞ্জাবাড়ী মাস্টার পাড়া এলাকার রতন মন্ডলের ছেলে। সে বাসের হেলপার হিসেবে কাজ করে বলে তার পরিবার জানায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে শহরের মাতাসাগরের উত্তর পশ্চিম পাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ওই এলাকায় যুবকের মরদেহ পড়ে থাকার কথা জানায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির সুরতহাল করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য এম. আবদুর রহিম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, নিহত মোহন মন্ডলের বিরুদ্ধে থানায় একধিক মামলা রয়েছে। একইসঙ্গে সে একজন মাদকসেবী এবং ছিনতাইকারী বলেও অভিযোগ রয়েছে।