রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় প্রাণ ঝরেছে আরও আটজনের। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের তিনজন। যাদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল চারজনের আর অন্যরা ভাইরাসটির সব ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষার আগেই মারা গেছেন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ছিল তিনজন, হাসপাতালের ৩৯, ২৯ ও ২২ নং ওয়ার্ডে একজন করে এবং ২৫ নং ওয়ার্ডে দুইজন। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টাতেও হাসপাতালটির করোনা ওয়ার্ডে আট জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে করোনাভাইরাসে হাসপাতালটিতে প্রতিদিন গড়ে সাত থেকে আট জনের মৃত্যু হচ্ছে। এনিয়ে গত এক সপ্তাহে এখানে করোনায় মৃত্যু হয়েছে ৮০ জনের। এর মধ্যে ৬৫ জনই করোনার ‘হটস্পট’ হয়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জের ৩৯ ও রাজশাহীর ২৬ জন। বর্তমানে করোনা রোগীর চাপ অত্যধিক বৃদ্ধি পাওয়ায় রামেক হাসপাতালে রোগটির চিকিৎসায় মঙ্গলবার আরও একটি ওয়ার্ড চালু করা হয়েছে। তার পরও ধারণক্ষমতার চেয়ে বেশি রোগীর চাপ রয়েছে। বুধবার সকাল ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী ছিল ২৭৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়েও ১৪ জন বেশী করোনা রোগী চিকিৎসাধীন ছিল। এই অতিরিক্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন মেঝেতে।
এসব তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ও উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস বুধবার (৯ জন) দুপুরে জানান, রাজশাহী জেলায় গত দিনের তুলানায় শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কমে ৪০ দশমিক ৬২ শতাংশ হয়েছে। আর গত সোমবার পর্যন্ত হাসপাতালে ১৩৫টি করোনা শয্যা ছিল। নতুন আরেকটি ওয়ার্ড চালুর পর বর্তমানে হাসপাতালটিতে ১৮টি আইসিইউসহ করোনা ইউনিটে মোট শয্যা হয়েছে ২৬৪টি।
উপ-পরিচালক বলেন, বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ২৭৭ জনের মধ্যে রাজশাহীর রয়েছে ১৩৯ জন আর চাঁপাইনবাবগঞ্জের ১০২, নওগাঁর ১৩, নাটোরের ১৭, পাবনার ৩ এবং কুষ্টিয়ার ৩ জন। এদের মধ্যে ১৭ জন রয়েছে আইসিইউতে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে মঙ্গলবার রাজশাহীর ৪৯০ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ পজেটিভ পাওয়া গেছে বলে বুধবার (৯ জুন) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে। যে প্রতিবেদন বিশ্লেষনে দেখা যায়, আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কমে মঙ্গলবার রাজশাহীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬২ শতাংশ। যেটি গত সোমবার ছিল ৪৫ দশমিক ০৭ শতাংশ, রোববার ৪১ দশমিক ২৯, শনিবার ৫০ দশমিক ২৭, শুক্রবার ৪৯ দশমিক ৪৩ এবং বৃহস্পতিবার ৪২ দশমিক ২৮ শতাংশ।