এসডিজি অর্জনে সরকারী নীতিমালা বাস্তবায়নের জন্য বরগুনায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) এবং সুশীল সংগঠনের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন।
উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নিবার্হী হোসনে আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, বরগুনার সহকারী পাবলিক প্রসিকিউটর সঞ্জীব দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নি, বরগুনা জেলা নেটওয়ার্কের সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টু।
সভায় বক্তারা বলেন, এসডিজি অর্জনের জন্য সবথেকে বড় বাঁধা এখন আমাদের যুবসমাজ। যুবসমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল গেমস আর মাদকের আসক্তি থেকে থেকে দূরে রাখাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। আমাদের যুবসমাজই এখন এসডিজি অর্জনের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এজন্য সরকার থেকে শুরু করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর এগিয়ে এসে যুবসমাজকে সংশোধন করে সামাজিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে।