রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বুধবার (৯ জুন) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, মৃত ৮ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিল, বাকি ৪ জনের ছিল উপসর্গ। হাসপাতালে করোনা রোগীর হার বৃদ্ধি পাওয়ায় করোনা ওয়ার্ডগুলোয় অতিরিক্ত বেড সংযোজন করা হয়েছে। সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি এসব রোগীর সিলিন্ডারের মাধম্যেও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।