রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক সপ্তাহে ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষার আগে মারা গেছেন। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় অধিকাংশের রিপোর্ট করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রামেক সূত্রে জানা গেছে, এক সপ্তাহে ৭২ জনের মধ্যে ৫৯ জনই করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা। ওই ৫৯ জনের মধ্যে ৩৬ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা এবং বাকি ২৩ জন রাজশাহীর।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত এক সপ্তাহে (১ জুন সকাল ৬টা থেকে ৮ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে ৭২ জন মারা গেছেন। এর মধ্যে করোনা শনাক্ত হওয়ার পর ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাকিরা করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এর মধ্যে ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন (সর্বোচ্চ), ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন এবং সর্বশেষ ৮ জুন আটজন মারা গেছেন।
করোনায় মৃত্যুর শতকরা হার জানতে চাইলে তিনি বলেন, এক সপ্তাহে মারা যাওয়া ৭২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন এবং রাজশাহীর ২৩ জন। সে হিসাবে রামেকে মৃত্যুর হার করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জের ৫০ দশমিক ৭০ শতাংশ এবং রাজশাহীর ৩২ দশমিক ৩৯ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের রোগীদের অধিকাংশই ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত। এজন্য সেখানকার রোগীর মৃত্যু হার বেশি।