রাজশাহীর চারঘাটে বজ্রপাতে নিহত চারজন ও আহত দুইজনের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তা তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও চাল,ডালসহ শুকনো খাবার প্রদান করা হয়।
মঙ্গলবার (৮ জুন) সকালে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে এ অনুদান তুলে দেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা দূর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ ও ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত মানুষকে বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে কিছু পরামর্শ দেয়া হয়।
উল্লেখ্য সোমবার (৭ জুন) বিকাল ৪টার দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাশিয়া গ্রামে বজ্রপাতে চারজন নিহত হয়। নিহত চারজন হলেন- ওই গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫), কাবিল হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাবলী (৬০), মো. জনির ছেলে পরশ (৮) এবং মাহবুবের ছেলে সোহান (৮)।
এ ঘটনায় আহত ছয় বছরের এক শিশু এবং ১৫ বছরের এক কিশোর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।