সরাইলে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু চালক! সিএনজি চালিত অটোরিকশার দখলে সড়ক। তারপর আন্ত:জেলা পণ্যবাহী ট্রাকের যখন তখন আসা যাওয়া। ইচ্ছেমত পার্কিং। নিয়ম নীতির তোয়াক্কা না করে যেনতেন ভাবে ব্যাটারি চালিত রিকশার এলোপাতাড়ি চলাচল। এসব কারণে সময় অসময়ে সরাইলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কের যানজটে নাকাল হয়ে পড়ছে সরাইলবাসী। নিয়মিতই থমকে দাঁড়াচ্ছে এখানকার জনজীবন। আগুন লাগলেও যানজটের কারণে আটকা পড়ছে ফায়ার সার্ভিসের গাড়ি। খুবই কষ্টে পার হচ্ছে লাশের খাটিয়া। বাদ পড়ছে না এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’র গাড়িও। সরেজমিনে পথচারী ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সরাইল সদরের অফিস পাড়া ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে যাওয়ার একমাত্র সড়ক হচ্ছে হাসপাতাল মোড় থেকে সকাল বাজার সড়ক। সড়কটির আশপাশে রয়েছে একাধিক সরকারি বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। রয়েছে মসজিদ, মাদরাসা ও কিন্ডারগার্টেন। রেকর্ড থেকে বর্তমানে কম প্রস্থের ব্যস্ততম এ সড়কটি এখন অটোরিকশার দখলেই থাকে। বয়স্ক মুসল্লিরা আতঙ্কগ্রস্ত অবস্থায় এ সড়কে মসজিদে যাওয়া আসা করেন। অনেকে ভয়ে মসজিদে না গিয়ে বাসায় নামাজ আদায় করেন। কারণ সম্প্রতি ২-৩ জন মুসল্লি অটোরিকশার ধাক্কায় গুরূতর আহত হয়েছেন। একাধারে ৬-৭ বছর উপজেলা আইনশৃঙ্খলা সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে কয়েকশতবার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধান এ সড়কটি থাকে অটোরিকশার দখলে। এরপর রয়েছে বিকাল বাজারে পণ্যবাহী ট্রাকের অবাধ যাতায়ত। যত্রতত্র পার্কিং। ফলে নিয়মিত যানজটে নাকাল এখন সরাইলবাসী। এ সড়কে যাতায়তকারী পথচারী, শিক্ষার্থী, লাশের খাটিয়া ও মুসল্লিদের দূর্ভোগ বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা। একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৪৩৩) বিকাল বাজার থেকে অন্নদা স্কুল মার্কেট মোড়ে আসামাত্র যানজট লেগে যায়। তিন দিকে দেড়/দুই কিলোমিটার এলাকায় আটকা পড়ে যানবাহন। শহীদ মিনার সংলগ্ন সড়কে আটকে পড়ে খোদ ইউএনও’র গাড়ি। নির্বাহী কর্মকর্তা তখন গাড়িতেই ছিলেন। ২০১৯ খ্রিষ্টাব্দের ২ জানুয়ারি সকাল ১১টার দিকে সকাল বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ইউএনও’র সরকারি গাড়ি যানজটে আটকা পড়ে। বাধ্য হয়ে তিনি গাড়িটি সড়কে রেখেই পায়ে হেঁটে দ্রƒত ঘটনাস্থলে পৌঁছেন। পরে আগুন নিভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িও যানজটের কবলে পড়ে। ইচ্ছে থাকা সত্বেও ঘটনাস্থলে বিলম্বে পৌঁছতে হয় ফায়ার সার্ভিসকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল অটোরিকশার সড়ক দখল ও ট্রাকের কারণে যানজটের কথা স্বীকার করে বলেন, এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটি ও অটোরিকশা শ্রমিক নেতাদের আরো আন্তরিক হতে হবে। আগামী সভায় বিষয়টি গুরূত্ব সহকারে আলোচনা করব। ব্যবস্থা তো একটা করতেই হবে।