স্লো-ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়লো ইংল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্লো-ওভার রেটের কারণে ইংল্যান্ডকে জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। নির্ধারিত সময়ে চেয়ে দুই ওভার বল কম করায় পুরো ইংল্যান্ড দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেন লর্ডস টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড। প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা আচরণবিধি ভঙ করেছেন। যা স্লো-ওভার রেটের সাথে জড়িত। এতে পুরো দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ অফিসিয়ালদের আনা এমন অভিযোগ স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ফলে কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। লর্ডসে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। আগামী ১০ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামবে দু’দল।