নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর চর থেকে বালু তোলাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী ও স্থানীয় পৌর কাউন্সিলরের মধ্যে পাল্টাপাল্টি মামলা দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, বালু ব্যবসায়ী কর্ত্তৃক ব্যক্তিগত সম্পত্তি থেকে বালি উত্তোলনে বাঁধা প্রদানের জের ধরে বালু ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে গত ০৫ জুন নজিপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্বর্ণ ব্যবসায়ী অরুন পালের উপর হামলা চালায়। এ ঘটনায় গত ০৬/০৬/২০২১ তারিখে আহত কাউন্সিলর শ্যামনগর (কাঞ্চন) গ্রামের চয়েন উদ্দিনের ছেলে ময়েন ও মজনু, ইছাপুর গ্রামের মৃত ইউনুস পাটোয়ারীর ছেলে নুরুজ্জামান নুরু, নজিপুর বাজারের খয়বর আলীর ছেলে আতোয়ার, পুঁইয়া গ্রামের শ্রী চপল, হরিরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জনি, নজিপুর গ্রামের নুরুল ইসলাম হেনার ছেলে ইফতেখাব, ইছাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন, নজিপুর মোল্লাপাড়া গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে জামান মোল্লাসহ ৯জনকে আসামি করে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৭, তারিখ- ০৬/০৬/২০২১.
এদিকে বালু মহলের ইজারাদার ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র মোঃ মফিজ উদ্দিন গত ০৭/০৬/২০২১ তারিখে চাঁদাবাজি, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে পলিপাড়া গ্রামের মহিন্দ্র পালের পুত্র ও নজিপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর অরুন পাল, গোপাল চন্দ্র ঘোষ, কলোনি পাড়া গ্রামের আঃ মজিদের পুত্র মোঃ মামুনুর রশিদ, ছোট চাঁদপুর গ্রামের সেবক, পলিপাড়া গ্রামের হরির পুত্র বিপুল চন্দ্রসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। থানায় প্রদত্ত এজাহার সূত্রে জানা গেছে, বিবাদীরা সংঘবদ্ধ হয়ে ০৫/০৬/২০২১ তারিখে দুপুর আনুমানিক ১টায় তাঁর পালশা অফিস ঘরে গিয়ে ৩টি ড্রেজার মেশিন ভাংচুর করে এবং নগদ ১লাখ ৫৫হাজার টাকা ও ১লাখ ২০ হাজার টাকার মেশিনের যন্ত্রাংশ লুট করে। ভাংচুর হওয়া ড্রেজার মেশিনের আনুমানিক মুল্য ১৩লাখ ৫০ হাজার টাকা বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। চাঁদার টাকা না দিলে বিবাদীরা ব্যবসা করতে দিবে না এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে এজাহারে তিনি উল্লেখ করেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।
এদিকে আত্রাই নদীর উপর নির্মিত শহীদ সিদ্দিক প্রতাপ সেতুর অদুরেই পলিপাড়া পয়েন্টে নিয়ম বহির্ভূতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় হুমকির মধ্যে পড়েছে সেতুসহ বাঁধ সংলগ্ন আবাদি জমি, বাগান, বাড়িঘর ও শ্মশান। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি স্থানীয় জনতার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা সরেজমিনে চর পরিদর্শন করে ৩টি ড্রেজার মেশিন বন্ধ করতে বললেও সেই নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ রয়েছে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে।
এ বিষয়ে কাউন্সিলর অরুন পাল বলেন, নিজেদের অপরাধ ধাপাচাপা দিতে বালু খেকোরা কাউন্টার মামলা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের নিকট আহবান জানান। বালুমহাল ইজারাদার মফিজ উদ্দিন জানান, হামলার কারণে আমার প্রায় ১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি উপযুক্ত বিচার পাব বলে আশা করছি। এ বিষয়ে পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আলম শাহ পাল্টাপাল্টি এজাহার দাখিলের বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।