রাজশাহীর চারঘাটে এক সপ্তাহের ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ প্রায় ৭ জন আহত হয়েছেন। উপজেলার আস্করপুর, মুক্তারপুর ও হেমন্তের মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (৮ জুন) নিশিতা খাতুন নামের ৭ বছরের এক শিশু কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে। সে চারঘাট পৌরসভার হেমন্তের মোড় এলাকার ইয়ামুল আলীর মেয়ে। নিশিতা বাড়ির পাশেই খেলছিল। এ সময় একটি পাগলা কুকুর লাফিয়ে কামড় দিয়ে তার মুখম-ল ক্ষতবিক্ষত করে দিয়েছে। তাকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে মাহফুজ আহমেদ (২১) নামে এক যুবক চারঘাট পৌরসভার আস্করপুর এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন। তিনি উপজেলার রাওথা গ্রামের জয়নাল আলীর ছেলে। এছাড়াও আস্করপুর এলাকার সৌরভ ও আল-মামুন ও মুক্তারপুর এলাকার আবদুর রহমান ও সোবহান আলী নামে আরো চার ব্যাক্তি কুকুরের কামড়ে আহত হয়েছে বলে জানা গেছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও রোগ নিয়ন্ত্রক ডা. শংকর কুমার জানান, কুকুরে কামড়ে আহতের ঘটনা বাড়ছে। এক সপ্তাহে আমরা দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আপাতত হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবারহ নেই। তবে কুকুরে কামড়ালে নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিন নিতে হবে নয়তো জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে।
এ ব্যাপারে চারঘাট পৌরসভার সচিব রবিউল ইসলাম জানান, পাগলা কুকুর নিধনের কর্মসূচি আমাদের থাকে। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় থাকায় আমরা কিছুই করতে পারছি না। তারপরও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।