রাজশাহী পুঠিয়ায় ভিজিডি খাদ্য তালিকায় গরীব ও দুস্থ্য মহিলাদের পরিবর্তে স্বচ্ছল মহিলাদের নাম থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা অর্থের বিনিময় তাদের ইচ্ছামতো পছন্দের নারীদের নাম রেখেছেন।
পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদের সচিব সাইদুল ইসলাম বলেন, চলতি ভিজিডির চুড়ান্ত তালিকা করা হয় গত বছর ডিসেম্বর মাসে। তালিকায় অনুযায়ী ইউপিতে মোট ৩১৯ জন সুবিধা ভোগী মহিলা রয়েছে। এদের সকলকে প্রতিমাসে ৩০ কেজি করে খাদ্য সহয়তা (চাউল-গম) দেওয়া হবে। যা আগামী ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এর মেয়াদ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আতাহার আলীর স্ত্রী মরিয়ম বেগম নিজেকে দুস্থ্য নারী হিসাবে দেখিয়ে ভিজিডির কার্ড নিয়েছেন। অথচ তাদের নিজেস্ব কয়েক বিঘা ফসলী জমিসহ আধুনিকমানের একটি ফ্লাট বাড়ি আছে। একই গ্রামের এনামূল হকের স্ত্রী রুমা বেগম একজন অর্ধশালী নারি। তার ছেলে থাকেন প্রবাসে। সে সুবাধে তার ভালো একটি বাড়ি আছে। হলহলিয়া গ্রামের সুজিত কুমার সরকারের স্ত্রী অর্পনা রানীদের বাড়িসহ রয়েছে কয়েক বিঘা জমি। সম্প্রতি প্রায় ১০ লাখ টাকায় আরো এক বিঘা জমি কিনেছেন। পুরো ইউপি এলাকায় মোট ৩১৯ জন সুবিধা ভোগিদের মধ্যে অধিকাংশ নারিরাই স্বচ্ছল পরিবারের সদস্য বলে অভিযোগ উঠেছে। ভিজিডির সুবিধা ভোগি হলহলিয়া গ্রামের জতিন সরকারের স্ত্রী মানিতা রানী বলেন, এই ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য হেলেনা বেগম কার্ড করার কথা বলে আমার নিকট হতে ৫ হাজার টাকা দাবী করেন। পরে অনেক আকুতি-মিনতি করার পর দুই হাজার টাকা নিয়ে তিনি এই কার্ড করে দেন। একই এলাকার মনিতা রানীও কার্ডের বিনিময় দুই হাজার টাকা দেয়ার কথা স্বীকার করেন।
পশ্চিম কানাইপাড়া-পালপাড়া গ্রামের শেফালী রানী বলেন,আমারা খুব গরীব মানুষ। একটা ভিজিডির কার্ডের জন্য, পরিষদের অনেক ঘুরাঘুরি করেছি। অবশেষে মহিলা মেম্বার হেলেনা বেগম কার্ড দেওয়ার নামে ৫ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তিনি কার্ডতো দেননি এখন ওই টাকা ফেরৎ দিচ্ছেন না।
নাম পরিচয় প্রকাশ না করা শর্তে একজন ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান তিনজন মহিলা মেম্বারকে ভিজিডি কার্ডের তালিকা তৈরি করতে দিয়ে ছিল। ওই তালিকায় অনেক প্রভাবশালীদের নাম রয়েছে। তবে অর্থের বিনিময় ওই তালিকা তৈরিতে মহিলা মেম্বার হেলেনা বেগম ও চেয়ারম্যানের একজন ঘনিষ্ঠ লোক জড়িত আছেন বলে আমরা শুনেছি।
অর্থের বিনিময় স্বচ্ছলদের ভিজিডির তালিকায় নাম দেওয়ার বিষয়ে ইউনিয়ন পরিষদের ৭.৮.৯ নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য হেলেনা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মানুষ খুব খারাপ। টাকা নিলেও দোষ না নিলেও দোষ। তবে আমি কাউকে টাকার বিনিময় কার্ড দেয়নি। মানুষ আমার নামে মিথ্যা কথা বলছেন। আমি গরীব মানুষের নামেই তালিকা দিয়েছি।
এ বিষয়ে জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বলেন, অর্থের বিনিময় ভিজিডির কার্ড দেয়ার বিষয়টি আমার জানান নেই। তবে তালিকা তৈরি করা ওই মহিলা সদস্যদের বলা হয়ে ছিল স্বচ্ছলরা নয়, দুস্থ্যদের নাম দেওয়ার জন্য। তবে বিষয়টি আমি খোজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন বলেন, আমি একা পুরো উপজেলার সকল তালিকা অনুযায়ী মাঠ পর্যায়ে দেখা সম্ভব নয়। যার কারণে ইউপি চেয়ারম্যানদের দেয়া তথ্য মতে ভিজিডির চুড়ান্ত তালিকা তৈরির হয়েছে। তবে জিউপাড়া ইউপিতে কয়েকজনের নামের বিষয়ে অভিযোগ থাকায় তাদের বাদ দেওয়া হয়। আর নিয়ম অনুসারে কর্মসূচির ৬ মাস হলে নাম বাদ দেওয়া সম্ভব হয় না। তবে কেউ মারা গেলে তার পরির্বতে আরেক জনকে সুবিধা ভোগিদের তালিকাভূক্ত করা যায়।