বিরলে দুইদিনের ব্যবধানে আবারো সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে এক মোটরসাইকেল চালক। এ সময় মোটরসাইকেল আরোহী স্ত্রী ও ছেলেসহ দুই জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল ৪টায় ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের বিরল উপজেলার ধামইর ইউপি’র গিরিধরপুর শিমুলতলা নামক স্থানে কাহারোল থেকে ছেড়ে আসা মাইক্রোবাস ও বিপরীতমূখী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়।
থানার এ এস আই মিজানুর রহমান জানান, দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ চাউলিয়াপট্টি মহল্লার রবীন্দ্রনাথ দাস এর ছেলে নিহত মোটরসাইকেল চালকের নাম সুমন্ত কুমার দাস (৪৩)। এ সময় মোটরসাইকেল আরোহী আহত স্ত্রী শিলা দাস (৩৫) ও কন্যা সৌরদীপ্তা দাস (৩) কে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে বিরল থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে। ঘাতক মাইক্রোবাসটি দিনাজপুর কোতোয়ালি থানায় আটক করে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখাকালীন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ০৬ জুন রোববার দুপুরে বিরলে সড়কে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে ০৩ জন এবং আহত হয়েছে ০৩ জন ও ওই রাতেই মোটরসাইকেল থেকে ছিটকে পরে অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।