খুলনায় পাইকগাছায় খেয়া পারের টাকা না থাকায় সাঁতরায় নদী পার হতে যেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নদীতে ডুবে মৃত যুবক সুকুমার (৩৫) উপজেলার খড়িয়া বাসাখালীচকের পরিতোষ মন্ডলের ছেলে। সোমবার বিকেলে উপজেলার মিনহাজ নদীর চৌমুহনী খেয়াঘাট পার হওয়ার সময় পারাপারের টাকা না থাকায় সে সাঁতরায়ে পার হতে যায়। নদীর মাঝপথে যাওয়ার পর সে তলিয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন জানতে পেরে নদীতে জাল টেনে লাশ উদ্ধার করে। লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, খেয়া মাঝি কাশেম আলী টাকা ছাড়া তাকে খেয়া পার না করায় সে সাঁতরায় পার হওয়ার সিদ্ধান্ত নেয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।