নওগাঁর ধামইরহাটে হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই প্রাণ গেল করোনায় আক্রান্ত এক রোগীর। হাসপাতালে কোভিড পজেটিভ রোগীর মৃত্যুতে জনমনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হতে দেখা গেছে। এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারনা করছেন এলাকার সুধীমহল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, জ্বর, কাশি, উচ্চ রক্তচাপ নিয়ে উপজেলার শংকরপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে ছাইফুদ্দিন (৭০) ৭ জুন দুপুরে ধামইরহাট হাসপাতালে ভর্তি হন। একপর্যায়ে এন্টিজেন পরীক্ষায় রোগীর কোভিড পজেটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করে স্বাস্থ্য কমপ্লেক্স। ৮ জুন সকাল ৮ টার সময় রোগীর লোকজন তাকে খাবারও খাওয়ান। কিছুক্ষন পর বাথরুমে গিয়ে আকস্মিক ভাবে পড়ে গেলে তাকে বেডে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত জানিয়ে বলেন, ‘কোভিড পজেটিভ রোগী ছাইফুদ্দিন এর ঝুকিপূর্ণ উপস্বর্গসহ করোনা ওয়ার্ডে যথাযথ ভাবে চিকিৎসা সেবা প্রদান চলছিল, এন্টিজেন টেস্টের মাধ্যমে রোগীর করোনা শনাক্ত হয়, তবে বাথরুমে পড়ে স্ট্রোক জনিত কারণেও তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা মাস্ক পড়তে অনীহা দেখা গেছে, যা দুঃখজনক। এখনই সতর্কতা সকলকে বাড়াতে হবে নইলে অনেককে ভোগান্তির মধ্যে পড়তে হবে।’
এদিকে করোনা শনাক্তের জন্য আলাদা স্যাম্পল কালেকশন বুথ না থাকায় হতাশা প্রকাশ করেছেন করোনা পরীক্ষায় সংশ্লিষ্টরা, তবে পর্যাপ্ত পিপি রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানান।