নওগাঁর পত্নীতলায় সোমবার বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থেকে অবৈধভাবে বালি তোলার প্রতিবাদ করায় রোববার দুপুরে নজিপুর পৌর কাউন্সিলর অরুন পালের উপর সন্ত্রাসী হামলা করায় সোমবার আহত কাউন্সিলর অরুন পাল ৯জন বালি ব্যবসায়ীর নামে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। যার মামলা নং- ০৭, তারিখ- ০৬/০৬/২০২১. এজাহারের অভিযুক্তরা হলেন, (১) শ্যামনগর (কাঞ্চন) গ্রামের চয়েন উদ্দিনের ছেলে ময়েন ও (২) মজনু, (৩) ইছাপুর গ্রামের মৃত ইউনুস পাটোয়ারীর ছেলে নুরুজ্জামান নুরু, (৪) নজিপুর বাজারের খয়বর আলীর ছেলে আতোয়ার, (৫) পুঁইয়া গ্রামের শ্রী চপল, (৬) হরিরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জনি, (৭) নজিপুর গ্রামের নুরুল ইসলাম হেনার ছেলে ইফতেখাব (৮) ইছাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন, (৯) নজিপুর মোল্লাপাড়া গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে জামান মোল্লা।
নজিপুর পৌর কাউন্সিলর অরুন কুমার পাল কর্ত্তৃৃক থানায় প্রদত্ত এজাহার সূত্রে জানা গেছে, বালি ইজারাদার ধামইরহাট উপজেলার জনৈক মফিউ উদ্দিনের কাছ থেকে বালি চর দেখভালের দায়িত্ব পান বিবাদীরা। বালি ব্যবসায়ীরা পলিপাড়া গ্রামের শ্রী গোবিন্দ চন্দ্রের জমি থেকে জোর পূর্বক গায়ের জোরে বালি কাটতে থাকলে গোবিন্দ চন্দ্র জনপ্রতিনিধি হিসাবে তাঁর কাছে অভিযোগ দেন। মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তিনি বালি ব্যবসায়ীদের ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বালি না তোলার জন্য নিষেধ করে আসেন। এই ঘটনার জের ধরে গত ০৫/০৬/২০২১ তারিখে দুপুর সাড়ে ১২টায় বালি ব্যবসায়ী জামান তাঁকে কথা আছে বলে পলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বট গাছের কাছে ডেকে নেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে বিবাদীরা তিনি ও তাঁর সাথে থাকা বিপুল কুমার পালের উপর অতর্কিত হামলা চালায় এবং সাথে থাকা ১লাখ ৫০ হাজার টাকা চুরি করে নেয়। বিবাদীদের মারপিটে আহত হয়ে তিনি চিৎকার করলে পলিপাড়া গ্রামের সাগর কুমার, ছনিক চৌধুরী, পাল পাড়া গ্রামের গোপাল কুমার তাঁকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে পত্নীতলা থানা কর্মকর্তা ইনচার্জ সামসুল আলম শাহ কাউন্সিলর অরুন পাল কর্ত্তৃক বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার বিষয়টি স্বীকার করে বলেন, আসামি পক্ষও সোমবার থানায় মামলা দায়ের করেছেন।