অশ্লীল ও অশালীন টিকটক-লাইকি মিউজিক ভিডিও তৈরী করে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে রাজশাহীতে দুই তারকাসহ তাদের দুই সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করলেও বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে সোমবার (৭ জুন) দুপুর ১২টায় প্রকাশ করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- টিকটক-লাইকি তারকা খ্যাত মহানগরীর মতিহার থানাধীন খোঁজাপুর এলাকার সবুজ আহম্মেদের স্ত্রী তানিশা তানি ইসলাম বিউটি (২৬) ও মহানগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকার ভাড়াটিয়া এবং নওগাঁর মান্দা উপজেলার নারায়নপুর এলাকার আতাউর রহমানের মেয়ে আকলিমা খাতুন ওরুফে বেবী, ওরুফে সুলতানা, ওরুফে তিশা, ওরুফে পায়েল (২০)। গ্রেপ্তারকৃত তারকাদের সহযোগিরা হচ্ছে- রাজশাহীর পবা উপজেলার কানপাড়া এলাকার ওয়ারেশ আলীর ছেলে মেহেদী হাসান ইমন (২০) ও মহানগরীর চন্দ্রিমা থানাধীন মুশরইল বার রাস্তার মোড় এলাকার শাকিল হোসেনের ছেলে রাব্বি ওরফে রোমিও (২৩)।
এ ঘটনায় মহানগরীর শাহমখদুম থানায় অস্থায়ী সদর দপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, গ্রেপ্তারকৃতরা মহানগরীর পদ্মা গার্ডেন, জিয়া পার্ক, বিমান চত্তর, টি-বাঁধ ও আই বাঁধ এলাকায় অশ্ল¬ীল ও অশালীন টিকটক-লাইকি মিউজিক ভিডিও তৈরীর পর ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত। এদের মধ্যে টিকটক-লাইকি তারকা পায়েল ও তানিশা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের গ্রুপে যুক্ত হয়ে মিউজিক ভিডিও করার জন্য তরুণ-তরুণীদের আকৃষ্ট করে থাকে। তাদের ফাঁদে পড়া এমন একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পায়েল ও তানিশার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। একই সাথে তাদের গ্রুপে থাকা অনেকেরই নামও পাওয়া গেছে। যাদেরকেউ গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও জানিয়েছে, অভাবি কিশোর-কিশোরীদের দিয়ে অশ্ল¬ীল ও আপত্তিকর ভিডিও তৈরি করতো। আর এমন ভিডিও তৈরি করে প্রতি মাসে তারা আট থেকে দশ হাজার টাকা আয় করে।
পুলিশ কমিশনার বলেন, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এ ধরনের ভিডিও তৈরি করে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। এদের কারণে সমাজের নৈতিক অবক্ষয় ও যুবক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমনকি অনেকে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পরাসহ মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। আর এ ধরনের ভিডিও কিশোর-কিশোরীদেরকে আকৃষ্ট করার মাধ্যমে বিভিন্ন অপরাধের দিকে প্রভাবিত করতে উস্কে দিচ্ছে।
আরএমপি কমিশানার বলেন, এর আগে গত ২ জুন রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে একই অপরাধে জড়িত দুই নারীসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অশ্ল¬ীলতা মুক্ত শান্তির রাজশাহী শহর প্রতিষ্ঠায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আরএমপির এই শীর্ষ কর্মকর্তা।