ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন শরীফ অবমাননার অভিযোগে রাজশাহীর বাগমারা থানার পুলিশ আবু বাক্কর সিদ্দিক (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। জনরোষ থেকে রক্ষার জন্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তিনি উপজেলার দ্বীপপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের শামসুল ইসলাম মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বাক্কার সিদ্দিক গত রমজান মাসে প্রথমে তিনি কোরআন শরীফ অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথাবার্তা বলেন। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রচার না হওয়াতে তা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্প্রতি তিনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। এছাড়াও প্রকাশ্যে ইসলাম ধর্ম বিষয়ে কিছু উস্কানিমূলক কথাবার্তা বলেন। স্থানীয় লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হলে তাঁরা ক্ষুব্ধ হন। এছাড়াও ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে গতকাল রোববার বিকেলে লোকজন জড়ো হয়ে ওই তরুণের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে তরুণকে ধরে ইউপি পরিষদে নিয়ে আসা হয়। এখানে শত শত লোকজন উপস্থিত হয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে অবস্থা বেগতিক দেখে রাতে থানার ওসি মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে সেখান থেকে অভিযুক্ত যুবক আবু বাক্কারকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে স্থানীয় গ্রামপুলিশ রুবেল রানা বাদী হয়ে আবু বাক্কার সিদ্দিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বলেন, আবু বাক্কার সিদ্দিক নেশাখোর। কিছু দিন আগে তাঁকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদ- দেওয়া হয়েছিল। সাজাভোগ শেষে প্রায় দেড়মাস আগে বাড়িতে এসেছেন। তিনি কোরআন ও ইসলাম বিষয়ে আপত্তিকর ও উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। গতকাল রোববার (৬ জুন) ইউপি পরিষদে ধরে নিয়ে আসার পরেও ইসলাম সর্ম্পকে আপত্তিকর কথাবার্তা বলেছেন। এতে লোকজন ক্ষুব্ধ হয়েছিলেন।
স্থানীয় লোকজনেরা বলেন, গ্রেপ্তার হওয়া তরুণ নেশাখোর। সম্প্রতি কারাগার থেকে বের হয়ে আসার পর ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেন। থানার ওসি যথাসময়ে ঘটনাস্থলে না পৌঁছালে এবং আটক না করলে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভবনা ছিল।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, খবর পাওয়ার পরেই পুলিশ কৌশল অবলম্বন করে অভিযুক্ত আবু বাক্কার সিদ্দিককে জনরোষ থেকে উদ্ধার ও গ্রেপ্তার করা হয়েছে।