কয়দিন পরেই ক্রিকেটে অকৃত্রিম বন্ধুদের দেশ জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জিম্বাবুয়েই তো সম্প্রতি তাদের মাটিতে পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়েছে। তাই জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক আবদুর রাজ্জাক। এ ছাড়া শোনা যাচ্ছে, এই সফরে না গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সাকিব-তামিমরা ছুটি চাইতে পারেন। জিম্বাবুয়ের সঙ্গে খেলা থাকলে সবাই ধরেই নেয় যে বাংলাদেশ হেসেখেলে জিতবে। বাস্তবে প্রায়ই এমনটা দেখা যায়। তবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক স্পিন তারকা রাজ্জাক বলেন, 'প্রথমত জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ না। বাংলাদেশের মাটিতে খেলা হলে বলতাম- ঠিক আছে আমাদের জন্য তুলনামূলক সহজ। জিম্বাবুয়েতে কখনই স্বাগতিকরা সহজ প্রতিপক্ষ না, কখনই না। এই ব্যাপারটার সাথে আমি মোটেও একমত নই। তারপরও আমার কাছে মনে হয় প্রত্যেক সিরিজ গুরুত্বপূর্ণ।' প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কিছু খেলোয়াড়কে ছুটি দেওয়া হবে কিনা- এমন প্রশ্নে রাজ্জাক আরও বলেন, 'স্কটল্যান্ডের সাথে খেললে যা, অস্ট্রেলিয়ার সাথেও তা। অস্ট্রেলিয়ার সাথে এক ম্যাচ জিতলে কিন্তু দুই ম্যাচ জয়ের পয়েন্ট পাবেন না। এক উইকেট পেলে তো দুই উইকেট দিবে না, একটা পঞ্চাশ করলে একশ করে দিবে না। খেলোয়াড়দের সবার সাথে খেলতেই সমান কষ্ট। প্রত্যেক সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।'