অবশেষে এক পুলিশ আত্মীয়ের তদবিরে দুপুরে রামেক হাসপাতালে ভর্তির সুযোগ মিলেছে বৃদ্ধ কৃষক জবদুলের। এর আগে ভর্তি বিড়ম্বনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগেই ৭৫ বছর বয়সি এই কৃষকের ১৯ ঘণ্টা অতিবাহিত হয় বলে অভিযোগ স্বজনদের। জবদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাররসিয়া গ্রামে।
এই বৃদ্ধের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে রবিবার হাসপাতালে কথা হয় রোগীর স্বজনদের সাথে। এ সময় স্বামীকে হাসপাতালের ওয়ার্ডে ঘোকাতে পারার আনন্দ অশ্রু কন্ঠে জবদুলের স্ত্রী মরিয়ম বেগম ভর্তি অপেক্ষার কষ্টদায়ক প্রায় ১৯ ঘন্টার বর্ণনা দিতে গিয়ে প্রতিবেদককে বলেন, শ্বাসকষ্ট জনিত কারণে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্বামী জবদুলকে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হলে গত শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এখানে পৌছেই যেন শুরু হয় অনাকাঙ্খিত মৃত্যুর ক্ষণ গণনের পালা। ভর্তির অপেক্ষাতেই হাসপাতালের জরুরি বিভাগেই কেটে যায় শনিবার দুপুর ১ টা পর্যন্ত। এর মধ্যে অতিবাহিত হয় প্রায় ১৯টি ঘণ্টা।
তিনি বলেন, গরমের মধ্যে সারা রাত তিনি জরুরি বিভাগের বাইরের বারান্দায় স্বামীর শরীরে বাতাশ দিতে হাতপাখা ঘোরানোর মধ্যেই ছিলেন। তবে ভর্তি করাতে না পারলেও শ্বাসকষ্টের আকুতি দেখে বিভাগটির বারান্দাতেই পেতে রাখা একটি অস্থায়ী শয্যায় অক্সিজেন দেওয়ার ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ। পরে অবশ্য সকালে অক্সিজেনটা খুলে নেওয়া হয়। এর পর অস্থায়ী শয্যা থেকেও নামিয়ে দেওয়ার জন্য বার বার হাসপাতালের লোক আসতে থাকে। এ সময় ভর্তির জন্য ততবিরকারকের সন্ধান করতে থাকে জবদুলের জামাই আবুল হোসেন ও দশম শ্রেণিতে পড়–য়া নাতি নাফিস ইকবাল। এমন সময় নাফিস ইকবাল তার মামার এক পুলিশ আত্মীয়ের তদবিরে নানা জবদুলকে হাসপাতালে ভর্তির সুযোগ পান।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে নাতি নাফিস ইকবাল জানায়, সকাল থেকে কয়েক দফায় তার নানাকে ওই অস্থায়ী বিছানা থেকেও নামিয়ে দিতে হাসপাতাল কর্তৃপক্ষের চাপ আসতে থাকে। তবে অনেক অনুরোধ করে রাখা হয়। তারা হাসপাতাল স্টাফদের বারবার একই কথা বলে, রোগীর এমন কন্ডিশনে রোগীকে কোথায় নিয়ে যাবে! তবে যাওয়ার একটা জায়গা দিলে সেখানে রোগীকে নিতে আপত্তি নাই। শেষ পর্যন্ত দুপুর ১টার দিকে নানাকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা হয়।
এ ঘটনায় কথা হয় সেই ট্রলিম্যানের সাথে। সে জানায়, আমি হুকুমের গোলাম। বলেন, রাত থেকে এই লোক বিছানা দখল করে রেখেছেন। সেবার জন্য অপেক্ষারত অন্য রোগীদেরও সুযোগ দিতে হবে। ফলে আমি কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য।
এমন দুরবস্থার বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, বর্তমানে সেবার জন্য জায়গা না থাকায় রোগীর ব্যাপক চাপ নিয়ন্ত্রণে জরুরি বিভাগ থেকেই রোগী ভর্তি কম করানোর চেষ্টা করা হচ্ছে। একান্ত জরুরি হলেই শুধু ভর্তি করা হচ্ছে। তবে অক্সিজেন লেভেল কম হলে সে রোগীকে অবশ্যই ভর্তি করা হবে। তিনি বলেন, এ ঘটনা শোনার পরই জবদুলকে ভর্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, রোগীদের সেবা অব্যাহত রাখার লক্ষ্যে ইতিমধ্যেই স্থান বর্ধিতের কাজ শুরু হয়েছে। আর ঈদের পর থেকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে বেডের সল্পতা দেখা দিয়েছে। তাই রাজশাহী সদর হাসপাতালটিকে ১০০ শয্যার একটি সম্পন্ন করোনা হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে সদর হাসপাতাল সংস্কার করে সেন্টাল অক্সিজেন সার্ভিসসহ করোনা হাসপাতাল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পরিচালক।