বিরলে খেলার মাঠে ফসল শুকানোর কাজ করায় কৃষকের নিকট চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে লিখিত আবেদন জানিয়ে অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রদান করেছে আবেদনকারীরা।
লিখিত আবেদনে আবেদনকারীরা জানান, গত ২০০৯ খ্রিস্টাব্দ হতে উপজেলার ধর্মপুর ইউপি’র শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মূখ শাহাপুর মৌজার জমিতে খেলার মাঠ সংস্কারপূর্বক স্থানীয় ক্রীড়াপ্রেমী জনসাধারণের খেলাধূলা চালু করা হয়। মাঠটিতে স্থানীয় কৃষকের উৎপাদিত ফসল বছরের পর বছর জুড়ে শুকানোর কাজ করে উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারে। কিন্তু ঐ মাঠটির ওপর লোলুপ দৃষ্টি দিয়ে মোঃ হালিম, ডালিম, আবদুর রশিদ, আবদুল মজিদ, আবদুল জব্বারসহ কয়েকজন অবৈধভাবে মাঠটি প্রকাশ্যে নিলামে তুলে ফসল শুকানোর কাজ করতে গেলে নিলামগ্রহণকারীদের বস্তা প্রতি একটি চাঁদা প্রদান সাপেক্ষে ফসল শুকানোর কাজ করতে দেয়া হচ্ছে এবং যারা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করছে তাঁদেরকে আর ফসল শুকাতে দেয়া হচ্ছে না। স্থানীয় কৃষকদের ফসল শুকানোর কাজের বাবদ চাঁদা উত্তোলন করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাঁধা প্রদান করতে গেলে তাঁদের বিভিন্নরকমের হুমকিতে যে কোন মুহুর্তে রক্ষক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে বলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাঁদের কৃতকর্মের সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ৬ জুন রোববার আবেদন দিয়েছে।
সরজমিনে গিয়ে মাঠটিতে দেখা যায় স্থানীয় অনেকে ভুট্টা শুকানোর কাজ করছে। তাঁদের নিকট ভুট্টা শুকাতে কি পরিমাণ অর্থ দিতে হচ্ছে আমাদের প্রতিবেদক জানতে চাইলে স্থানীয় আবদুল করিম, সেলিম, রনি, কামালসহ অনেকে জানান ভুট্টা শুকানোর পর বস্তা প্রতি ১০ টাকা মাঠ রক্ষাণাবেক্ষণের জন্য মজিবুর এবং হালিমকে দিতে হচ্ছে।
মাঠ কমিটির সদস্য দাবিদার আরিফ হোসেন ও মোহাম্মদ আলী জানান, মাঠের সংস্কার কাজ করার জন্য টাকা আদায় করা হচ্ছে গ্রামবাসীর সাথে আলোচনা করে। আদায়কৃত অর্থ দিয়ে মাটি ভরাটসহ মাঠ সংস্কার করা হবে।