পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে হামলা চালিয়ে ১৩০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে অস্ত্রধারীরা।
বুরকিনা ফাসো সরকারের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলাকারীরা শুক্রবার (৪ জুন) নাইজার প্রদেশ সংলগ্ন ইয়াগহা প্রদেশের সোলহান গ্রামে এই হতাকাণ্ড চালায়। আক্রমণকারীরা রাতে হামলা চালিয়ে বাড়িঘর এবং বাজার জ্বালিয়ে দেয়।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই হামলা সবচেয়ে নৃশংস আখ্যা দিয়ে বুরকিনা ফাসো সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট রোস কাবোরে এক টুইটবার্তায় বলেন, 'শয়তানের সদস্যদের' বিরুদ্ধে পুরো দেশের মানুষের এক হওয়ার সময় এসেছে। এদিকে সরকার বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করলেও এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।