রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা পছন্দ করতেন। খেলাধুলা মনকে সতেজ রাখে এবং সকল কাজে উৎসাহ উদ্দীপনা যোগায়। খেলাধূলায় শারীরিক শক্তি সৃষ্টি করায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যার ফলে মনোবলও বৃদ্ধি পায়, যা করোনা মোকাবিলায় সহায়ক। এ কারণে বর্তমান বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর যুদ্ধে খেলাধূলার বিকল্প নেই। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৫ জুন) সকালে জেলা স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ খেলায় অংশগ্রহনকারী বালক (অনুর্ধ্ব-১৭) ও বালিকা (অনুর্ধ্ব-১৭) খেলোয়াড়দেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলারও আহবান জানান বিভাগীয় কমিশনার।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু।