রাজশাহীর তানোরে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা সংক্রমণ। গত এক সপ্তাহে উপজেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন স্বাস্থ্যকর্মীও আছেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সোমবার ৩ জন, মঙ্গলবার ৮ জন ও বুধবার ৬ জন এবং সর্বশেষ শুক্রবার ৮ জনসহ মোট ৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ১৬৫ জন এই মহামারিতে সংক্রমিত হলেন। তাদের মধ্যে মারা গেছেন দুই জন। শনিবার (৫ জুন) পর্যন্ত উপজেলায় সুস্থ্য হয়েছেন ১৩০ জন আর চিকিৎসাধীন আছেন ৩৫ জন। আক্রান্ত নার্সদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এনিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নবাস হাসদাক বলেন, উপজেলায় উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ আক্রান্ত নার্সদেরও কোন উপসর্গ নেই। তবে, উপজেলার আক্রান্ত রোগীরা সুস্থ্য রয়েছেন।
এবিষয়ে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘হঠাৎ করেই সংক্রমণ বেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার কোনও বিকল্প নেই। সবার প্রতি বিনীত অনুরোধ রাখছি, নিয়মের মধ্যেই চলাফেরা করুন।
ইউএনও আরও বলেন, করোনা সংক্রমণের হার প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আক্রান্তের বাড়ি লকডাউন করে দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে আর যেন কেউ আক্রান্ত না হন সেই ব্যবস্থা করা হচ্ছে।