তাড়াহুড়ো করে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা সরিয়ে নিলে দেশটিতে বিশৃঙ্খলা বাড়বে। দেশটির পরিস্থিতির ওপর নির্ভর করে আরও ধীরগতিতে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন চীন, পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীগণ। বৃহস্পতিবার ত্রিপক্ষীয় একটি ভিডিও বৈঠকে এ আহ্বান জানান তারা। পরে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আফগাস্তিানে শান্তি ফিরিয়ে আনতে দেশটির সব পক্ষকে আরও সংযত হতে হবে। তালেবান ও সরকার উভয় পক্ষকে সবধরনের হামলা বন্ধ করতে হবে। বিবৃতিতে তারা আরও বলেন, কাবুলে কোন বিদেশি শক্তির হস্তক্ষেপ তারা চান না। আফগানিস্তান হবে একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। চলতি বছরের ১ মে থেকে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত নিজেদের ৪৪ শতাংশ সেনা প্রত্যাহার করেছে দেশটি। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১১ সেপ্টেম্বর হবে টুইন টাওয়ার হামলার ২০ বছর।