দিনাজপুরের বীরগঞ্জে শুক্রবার ভোরে অদ্ভুদ আকৃতির শিশুর জন্ম দিয়েছে মোছাঃ রুনা আক্তার (২৫)নামে এক নারী। উপজেলা সদরে অবস্থিত বীরগঞ্জ ক্লিনিকে জন্ম নেওয়া অদ্ভুদ আকৃতির শিশুটিকে দেখতে শত শত মানুষ ভীড় জমায় ক্লিনিকের সামনের। ভীড় এড়াতে ক্লিনিক মালিক দ্রুত ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেন শিশুসহ প্রসুতিকে।
প্রসুতি মোছাঃ রুনা আক্তার কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মোঃ গোলাম রব্বাণীর স্ত্রী।
জন্ম নেওয়া শিশুটি ছেলে। তার ২হাত, ৬টি পা এবং ২টি পুরুষাঙ্গ থাকলেও ভূড়ি পেটের বাইরে রয়েছে বলে জানিয়েছেন প্রসুতির মামা মোঃ রবিউল ইসলাম।
তিনি জানান, প্রসব বেদনা শুরু হলে বৃহস্পতিবার দিবাগত ৩টায় মোছাঃ রুনা আক্তারকে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে কোন প্রকার অপারেশন ছাড়াই শুক্রবার ভোর ৫টায় একটি ছেলে সন্তান জন্ম নেয়। জন্মের পর শিশুটির ২হাত, ৬টি পা এবং দুই পুংনাঙ্গ থাকলেও ভূড়ি পেটের বাইরে দেখা যায়।
প্রসুতি মোছাঃ রুনা আক্তারের স্বামী মোঃ গোলাম রব্বাণী জানান, তিনি পেশায় একজন কৃষক। তার আরও একটি ৬বছরের মেয়ে সন্তান আছে। সে স্বাভাবিক ভাবে জন্ম গ্রহণ করেছে। তবে আজকে জন্ম নেওয়া অদ্ভুদ আকৃতির শিশুটি এখন পর্যন্ত সুস্থ্য থাকলেও তাকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে। শিশুটির চিকিৎসায় একদিকে আর্থিক সংকট অন্য দিকে সমাজের লোকজনের নানা কথা শুনতে হচ্ছে তার পরিবারকে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা জানান, অনেক সময় নানা ধরণের জটিলতার কারণে এ ধরণের শিশুর জন্ম হয়। উন্নত দেশে এ ধরণের জন্ম নেওয়া শিশুর চিকিৎসা সুবিধা থাকলেও আমাদের দেশে এ ধরণের শিশুকে বাঁচিয়ে রাখা কঠিন এবং ব্যয়বহুল।