রাজশাহীর ৯টি উপজেলায় এবার আড়াই লক্ষাধিক (২ লাখ ৬৯ হাজার ৪৪৬) শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর করোনা পরিস্থিতিতে রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত এ সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সামনে সকল কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সিভিল সার্জন ডা. মোঃ কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী’র উপপ্রধান তথ্য কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রাজিউল হক বক্তব্য দেন। এ সময় রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্যে সরকার সারা দেশে আগামী ৫ জুন সকাল ৯টা থেকে ১৯ জুন পর্যন্ত (পক্ষকাল ব্যাপী) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে শুধু সরকারি কর্মদিবসগুলোতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাজশাহী সিটি করপোরেশন ব্যতীত জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৮হাজার ৯৬১ জন শিশু একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪০ হাজার ৪৮৫ জন শিশু একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।
এ ক্যাম্পেইনে ৬ মাসের কম, ৫ বছরের বেশী ও ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত এবং অসুস্থ শিশুদের কোনভাবেই খাওয়ানো যাবেনা বলেও সতর্ক করা হয়। আর সুস্থ শিশু যদিও কান্নারত অবস্থায় থাকে কিংবা জোর করেও কাউকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল না খাওয়ানোর নির্দেশনা দেয়া হয়।
সভায় আরও জানানো হয়, এ ক্যাম্পেইনের কার্যক্রম সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজশাহীর ৯টি উপজেলার শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান মিলে ১৭৫৪টি কেন্দ্রে কর্মকর্তাসহ মোট ৪ হাজার ১৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে।
আর বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিভিল সার্জন সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।