রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে আরও নয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই নয়জন মারা যান। রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু তালিকায় নতুনভাবে যুক্ত এ নয়জনের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন এবং নওগাঁ ও পাবনার একজন করে আছেন। যাদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে ছিল একজন করে।
এদিকে গত ১১ দিনে (২৪ মে থেকে ৩ জুন) রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৭ জন। এই ৭৭ জনের মধ্যে ৪৬ জন করোনায় আক্রান্ত এবং অন্যান্যের শরীরে রোগটির উপসর্গ ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি ছিলেন ১৩৬ জন। আর ২য় ঢেউয়ে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু রোগীদের চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে এ হাসপাতালে আনুপাতিক হারে চিকিৎসকের সংখ্যা কম থাকায় হিমশিম খেতে হচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার (৩ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ও উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া নয়জনই করোনা পজিটিভ ছিলেন। এদের সকলেরই মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমানে রামেক হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছেই। মূলত মে মাসের শেষ সপ্তাহ থেকে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩ জুন) সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ২২৪ জন রোগী। নতুনভাবে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। আর ২২৪ জনের মধ্যে রাজশাহী জেলার ১০১ জন আর চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন রয়েছেন। এ হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি। যে কারণে যাদের শরীরে অক্সিজেন স্যাচুরেশন কম এবং অবস্থা খারাপ শুধু তাদেরই এখন ভর্তি নেওয়া হচ্ছে।