রাজশাহীর বাঘায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার তুলশিপুর গ্রামের নুরাবুল ইসলাম (৪০), তারেক হোসেন (২১) ও সেলিম হোসেন (২৭)। ঐ গ্রামের বেলাল উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার (২৯মে) বাড়ির পাশের জমি ও গাছের আম পাড়া নিয়ে বেলাল উদ্দিনের সাথে একই গ্রামের নবীর উদ্দিনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নবীর উদ্দিনসহ তার লোকজন বেলাল উদ্দিনকে মারপিট করে। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরো ৩ জন আহত হয়।
মামলার তদন্তকারি উপপরিদর্শক তৈয়ব উদ্দিন জানান, অভিযোগটি তদন্ত করে বুধবার(২জুন) নিয়মিত মামলা হিসাবে রজ্জু করা হয়। এ মামলায় বুধবার রাতে ৩জনকে আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।