রাজশাহীর চারঘাটে মেধাবী শিক্ষার্থী শাহীন আলী ও তার মা মালেকা বেগমকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার চারঘাট- বাঘা সড়কের খুদির বটতলা মোড়ে এসব কর্মসূচি পালন করে এলাকাবাসী।
এক ঘন্টা সময় ধরে রাস্তা অবরোধ করায় চারঘাট-বাঘা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ আসামীকে আটকের নিশ্চয়তা দিলে এক ঘন্টা পরে এলাকাবাসী রাস্তা ফাঁকা করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী ও অতিরিক্ত পুলিশ সুপার (চারঘাট সার্কেল) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা শাহীন আলীর পরিবারের লোকজনের সাথে কথা বলে আসামি আটক ও ন্যায় বিচার পাবার আশ্বাস দেন।
আহত শাহীন আলীর চাচাতো ভাই রাজু আহম্মেদ জানান, গত ২৫ মে জমি বিক্রয় কেন্দ্র করে নাওদাড়া গ্রামের সাদেক আলী তার দলবল নিয়ে শাহীন আলী ও তার মা মালেকা বেগমকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এতে শাহীন আলী মারাত্মক ভাবে আহত হয়। শাহীনকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়। ঘটনার দিনই শাহীনের পিতা জালাল উদ্দীন বাদী হয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ দায়েরের ৭ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় বাদী পক্ষ গত মঙ্গলবার (১ জুন) বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। পরবর্তীতে বুধবার আসামি সাদেক আলীকে আটকের দাবীতে এলাকাবাসী মানববন্ধন, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করে।
তিনি আরো জানান, শাহীন আলী নিজ এলাকায় মেধাবী শিক্ষার্থী হিসাবে পরিচিত। সে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শাহীনের বাবা জালাল উদ্দীন ক্যান্সার রোগে আক্রান্ত। বাবার চিকিৎসা খরচ চালাতে জমি বিক্রয় করার সিদ্ধান্ত নেয় তার পরিবার। সেই জমি জোরপূর্বক দখল করে শাহীন ও তার মা কে কুপিয়ে জখম করে সাদেক আলী ও তার দলবল।
এ বিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, শাহীন আলী আহত হয়েছেন এ বিষয়ে অভিযোগ পাবার পর থেকেই পুলিশ জড়িতদের আটকের চেষ্টায় রয়েছে। আসামি কুষ্টিয়ায় পলাতক থাকায় এখনো আটক করা সম্ভব হয়নি। এলাকাবাসীর রাস্তায় অবস্থান নেওয়ার বিষয়টি পরিকল্পিত।
তিনি বলেন, একটি পক্ষ রাজনৈতিক সুবিধা আদায়ে এলাকাবাসীকে উস্কানি দিয়ে এ ঘটনার সৃষ্টি করেছিল। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বাদী ও বিবাদী উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছিল। তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।