বাংলাদেশে ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী সন্দেহ হওয়ায় বিষয়টি নিয়ে রাজশাহীর চিকিৎসকদের মধ্যেও দুশ্চিন্তা শুরু হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় ইতোমধ্যে বাংলাদেশেও মারা গেছে একজন। পরে ওই মৃতের নমূনা পরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া যায়। এর পরই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে রাজশাহীর চিকিৎসকরাও। আর চলমান পরিস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মারা গেছে আরও ১১জন। তথ্যটি সোমবার (৩১ মে) রাত ৩টা থেকে মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগের ২৪ ঘন্টায় হাসপাতালটির বিভিন্ন করোনা ওর্য়াডে মৃত্যু হয় ১২ জনের। আর এরইমধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি আরও ভাবিয়ে তুলেছেন এখানকার চিকিৎসকদেরকে।
ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়ে রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞদের সাথে আলাপকালে জানা গেছে, ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ নিয়ে বর্তমানে বাংলাদেশেও কয়েকজন রোগীর চিকিৎসা চলছে। প্রতিবেশী দেশ ভারত থেকেই রোগটি আমাদের দেশে এসেছে বলে ধারণা এখানকার চিকিৎসকদের।
এখানকার চিকিৎসকরা বলছেন, এই ছত্রাক আমাদের পরিবেশেই আছে। রোগপ্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তির শরীরে এই ছত্রাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খাদ্যাভাস গড়ে তুলতে হবে।
রামেক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. পার্থ মণি ভট্রাচার্য বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক ব্যক্তিদের শরীরে এই ছত্রাকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেশি রয়েছে। এছাড়াও স্টেরয়েড গ্রহণ করা ব্যক্তিও এতে আক্রান্ত হতে পারেন। তিনি বলেন, মিউকোরমাইকোসিস ছোঁয়াচে নয়। শরীরের যে কোনো স্থানে এর সংক্রমণ হতে পারে। নাকের আশপাশে ও চোখে সংক্রমণ বেশি হয়।
তবে চোখে সংক্রমণ হলে তা দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে উল্লেখ করে ডা. পার্থ মণি ভট্রাচার্য বলেন, আক্রান্ত এলাকায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ওই এলাকা কালো হয়ে যায়। তাই একে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বলা হয়। এই রোগের বিষয়ে পরিস্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডায়াবেটিক নিয়ন্ত্রণসহ স্টেরয়েড গ্রহণে খুব সচেতন হতে হবে।
রামেক হাসপাতালের একাধিক বিশেষজ্ঞদের মতে, করোনায় সংক্রমিতদের সুস্থ করতে স্টেরয়েড চিকিৎসার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণের যোগসূত্র রয়েছে। যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের এই ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
তারা বলেন, করোনা (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে সাধারণত এর সংক্রমণ দেখা দেয়। ফলে এখনই বিষয়টি নিয়ে সকলকে সচেতন হতে হবে। কারণ এমনিতেই ভারতের ভেরিয়েন্ট পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাগঞ্জ ও রাজশাহীতে ধরা পড়েছে। এর সাথে করোনার সংক্রামণ খুব বেশি। তাই এই সময় অন্য সংক্রমণ এড়াতে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আর ‘ব্ল্যাক ফাঙ্গাস’ থেকে রক্ষায় সার্বক্ষনিক পরিস্কার মাস্ক ব্যবহারের পাশাপাশি সকলকে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখারও পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বিভিন্ন কারণে বয়স্কদের শরীরে সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই কম থাকে। যে কারণে তাদেরকে এ বিষয়ে বেশি সতর্ক হতে হবে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকের সাথে কথা বলেছি। চিকিৎসা সেবা অব্যাহত রাখতে তারা যেন নিজেরা সচেতন থেকে নিজেদের সুরক্ষিত রাখে। কারণ, করোনা রোগীর মাঝে অন্য ডিজিজ থাকলে ফাঙ্গাস দ্রুত আক্রান্ত করার চেষ্টা করবে। তাই বিষয়টি হাসপাতালের চিকিৎসারত রোগী-স্বজনদেরকেও চিকিৎসকদের মাধ্যমে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকতার জানান, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটা এক ধরনের ফাঙ্গাস যা আগেও ছিলো। তবে আগে মানুষের রোগ প্রতিরোগ ক্ষমতা বেশি ছিলো তাই কম মারা গিয়েছে। এখন রোগ প্রতিরোগ ক্ষমতা কমেছে তাই মানুষ অনেক সময় মারা যায়। শুধু এই বিষয়টি লক্ষ রাখতে হবে। এইরকম কোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিলে কোনো সমস্যা নেই। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এই ফাঙ্গাসটি বেশি সমস্যা সৃষ্টি করতে পারে।
তিনি জানান, ঢাকায় দুইজনের শরীরে এই ফাঙ্গাসের সংক্রমণ সন্দেহ করা হয়েছে। রাজশাহীতে এই ধরনের কোনো কিছু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এ ছাড়া সরকারিভাবেও এখন পর্যন্ত আমাদের এ বিষয়ে অবহিত করা হয়নি। মেডিসিন ও চর্ম বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে কাজ করে। রাজশাহীতে যদি এমনটি হয় তারাই বিষয়টি দেখবে।
এদিকে একদিনে করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র ও উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ২১৫ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ৯১ জনের। বাকিরা করোনা উপর্সগ নিয়ে ভর্তি হয়েছেন।