অবশেষে রাজশাহীর বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে আলোচিত স্ত্রী হত্যা মামলার অন্যতম আসামি ঘাতক স্বামী আসমান আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসমান আলী পুলিশের কাছে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। গ্রেফতারকৃত আসামি আসমান আলীকে আদালতে জবানবন্দীর জন্য পাঠানো হবে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।
গত শনিবার (২৯ মে) রাতের কোন একসময় স্বামী আসমান আলী স্ত্রী কল্পনা বিবিকে ধারালো অস্ত্র দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে দিন সকালে বাগমারা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন সকালেই নিহত কল্পনার পরিবার থেকে স্বামী আসমান আলীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সমবার রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাবাদে আসামি আসমান আলী স্ত্রী কল্পনা বিবিকে হত্যার বিষয়টি স্বীকার করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, স্ত্রী কল্পনাকে হত্যাকারী ঘাতক স্বামী আসমান আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।