‘মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে এমন দেহে করোনা সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি। তাই করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে প্রতিটি ব্যক্তিকেই প্রতিদিন কমপক্ষে ২৫০ গ্রাম দুধ খাওয়া প্রয়োজন।’
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১ জুন) রাজশাহীতে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’।
মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাতে দুধের বিকল্প নেই উল্লেখ করে ডিসি বলেন, সরকার দেশে দুধের উৎপাদন বৃদ্ধি এবং দুগ্ধ খামারিদের সমস্যা সমাধানে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠান থেকে সার্বজনীন খাদ্য হিসেবে দুধকে জনপ্রিয় করতে সকলকে এগিয়ে আসারও আহবান জানান ডিসি।
রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাঃ ইসমাইল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উদযাপনে এদিন সকালে স্বাস্থ্য বিধি মেনে রাজশাহী কালেক্টরেট চত্বরে স্থানীয় খামারীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান করে প্রাণিসম্পদ অর্ধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।