বগুড়ার আদমদীঘিতে ঋণের কিস্তির টাকা পরিশোধ করার চাপে এনামুল হক (৫৫) নামের এক ধান ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত এনামুল আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের পুশিন্দা সরদার পাড়ার এনামুল হক বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ধান ব্যবসা করে আসছিল। করোনার করনে ব্যবসা মন্দা যাওয়ায় তিনি ঠিক মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারতেন না। বেশ কয়েক দিন ধরে উল্লিখিত এনজিও’র মাঠ কর্মীরা টাকার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। এ নিয়ে এনামুলের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। একপর্যায়ে মঙ্গলবার ভোরে পরিবারের সকলের অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিন্তু কোন বাদী না থাকায় লাশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।