রাজশাহীর চারঘাট উপজেলায় করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষায় ফলাফল পজিটিভ আসায় আইসোলেশন কেন্দ্র থেকে পালিয়েছেন আঙ্গুরা বেগম (৫৫) নামে এক নারী। সোমবার (৩১ মে) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন কেন্দ্র থেকে পালিয়ে যান তিনি। আঙ্গুরা বেগম উপজেলার বড়াল আদর্শ গুচ্ছ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গৃহিণী। তার স্বামীর নাম হাসান আলী।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার জানান, করোনার সব রকম উপসর্গ নিয়ে আঙ্গুরা বেগম সোমবার সকালে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসেন। এসময় এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ থাকায় তার করোনা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আঙ্গুরা বেগমকে চিকিৎসা সেবা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। পরবর্তী বিকাল সাড়ে তিনটার দিকে আইসোলেশন সেন্টারে ডাক্তার পরিদর্শনে গেলে আঙ্গুরা বেগমকে আর খুঁজে পাওয়া যায়নি।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, রাজশাহীর করোনা পরিস্থিতি এখন উর্ধমুখী। সেজন্য আমরা হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ভেতরে করোনা উপসর্গ পেলে তাৎক্ষনিক করোনা পরীক্ষা করছি। আঙ্গুরা বেগমের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে রাখা হলেও কাউকে কিছু না বলে তিনি চলে গেছেন। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। নিজেরাও তার সাথে যোগাযোগের চেষ্টা করছি।