খুলনার পাইকগাছায় প্রায় ৫ মাস পর কবর থেকে রানীমা (২৭) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হকের উপস্থিতে এ লাশ উত্তোলন করা হয়। উত্তোলিত লাশ গজালিয়া গ্রামের রফিকুল ইসলাম সরদারের মেয়ে ও মশিয়ার রহমানের স্ত্রী। গত ১৮ জানুয়ারি রাতে স্ত্রী রানীমাকে সাথে নিয়ে স্বামী মশিয়ার বাথরুমে যায়। এর কিছুক্ষণ পরে স্ত্রী রানীমা পুকুরে ডুবে আত্মহত্যা করেছে বলে স্বামী প্রচার দেয়। বিষয়টি সে সময় অস্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার দিলেও পরবর্তীতে তার স্বামী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এমন গুঞ্জন উঠে। এমনকি কিছুদিন পর তার শালীকাকে শ্বশুর বাড়ীতে পৌঁছে দেয়ার কথা বলে একটা নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে। যা জানাজানি হলে থানায় মামলা হয় এবং রানীকে হত্যা করা হয়েছে বলে স্পষ্ট হলে ৫মে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক পলাশ কুমার দালাল লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন বলে অ্যাড. আবুল কালাম আজাদ জানান। লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, ওসি অপারেশন স্বপন রায়, এসআই তাকবীর হোসেন, এসআই তাপস কুমার দত্ত, সুকান্ত ও হাজার হাজার উৎসুক জনতা। ওসি এজাজ শফী জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।