রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওর্য়াডে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনের বাড়ি করোনা হটস্পট চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহী ও নওগাঁর দুইজন করে চারজন এবং একজনের বাড়ি নাটোর। দেশে করোনার উচ্চ সংক্রমণের পর রামেক হাসপাতালে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে এখানে আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর মিছিল যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করে রোববার (৩০ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ও উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস জানান, আজ (রোববার ) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২০৯ ব্যক্তি চিকিৎসারত। এর মধ্যে ৭৪ জন করোনা পজিটিভ হলেও বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এসব রোগীদের বেশিরভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে আর সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ডা. সাইফুল ফেরদৌস মন্তব্য করে বলেন, চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ধরণ শনাক্তের পর থেকেই আতঙ্কিত হয়ে উঠছে সংস্পর্শে থাকা রাজশাহীসহ পার্শবর্তী অন্যান্য সীমান্তবর্তী জেলাগুলো। ফলে করোনায় সংক্রমণ বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, আক্রান্তরা হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জের।
হাসপাতাল পরিচালক বলেন, গত মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে গত শনিবার দুপুর ১২টা পর্যন্ত রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ২৪ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়। ফলে তাদের নাম করোনায় মৃত এই তালিকায় ওঠেনি।
হাসপাতাল সূত্র বলছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ সহ সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।