করোনার কারণে পরিবহন সংকট এবং ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত দুইদিনের বৃষ্টিপাতের ফলে ক্ষতির মুখের পড়েছে সবজি চাষিরা। করোনার এই সময়ে পরিবহন ও বৃষ্টির কারণে পন্যের ক্রেতার চাহিদা না থাকায় এবং বিভিন্ন জাতের সবজিতে পোকার আক্রমণের পাশাপাশি পচন রোগে আক্রান্ত হওয়ায় বিপাকে দিনাজপুরের বীরগঞ্জের কৃষকরা।
বিশেষ করে দুইদিনের বৃষ্টিতে বর্ষাকালীন খরিপ-১ মৌসুমের ত্রিপল-১জাতের ফুলকপি-বাঁধাকপিতে পচন ধরেছে বলে জানিয়েছেন কৃষকরা। সপ্তাহ খানেক আগেও ফুলকপি ১০০০/১২০০ টাকা মন দরে বিক্রয় হলেও এখন ৮শ টাকা মন।
কৃষি অফিস সুত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলায় এ বছর প্রায় ২শ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৩ হেক্টর জমিতে বর্ষাকালিন ফুলকপি এবং ২.২৫হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে।
এব্যাপারে সবজি চাষী বীরগঞ্জের সাতোর ইউপির দক্ষিণ প্রাণনগর গ্রামের মোঃ ইব্রাহিম জানান, এ বছর ২০শতক জমিতে ফুলকপি আবাদ করেছি। যেহেতু এটি শীতকালিন সবজি। বৃষ্টি সহ্য করতে পারে না। তাই দুই দিনের বৃষ্টিপাতে ফলনে পচন ধরছে। করোনা এবং বৃষ্টিপাতের ফলে গ্রাহক না থাকায় দামও কমেছে। সপ্তাহ খানেক আগে ১০০০/১২০০ টাকা মন দরে বিক্রয় করলেও এখন ৮শ টাকা মন। ফলে লাভ হওয়ার চেয়ে লোকসানের সম্ভাবনা বেশি।
একই কথা জানিয়ে সবজি চাষী আহম্মদ আলী জুয়েল বলেন, পরিবহন সংকট এবং দুই দিনের বৃষ্টিতে সবজি নিয়ে কৃষকের মাথায় হাত পড়েছে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত পন্য সরাসরি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে না পেরে মধ্যস্বত্ব ভোগীদের দৌড়াত্বে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুরেজা মোঃ আসাদুজ্জামান জানান, সবজি দ্রুত পচনশীল একটি পন্য। তারপর বৈশিক মহামারী করোনা এবং আবহাওয়ার বৈরীতা লেগে আাছে। এরপরেও কৃষি দপ্তরের সার্বিক সহযোগিতায় সবজি চাষ এখনও লাভজনক পন্যতে পরিণত হয়েছে।ধারাবাহিকতা রক্ষায় গত দুইদিনের বৃষ্টিতে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠে রয়েছে কৃষি দপ্তরের কর্মকর্তারা।