রায়ানায়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণ করে এক সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় পশ্চিমা বিশ্বের চাপের মুখে থাকা বেলারুশকে আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়া। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ধরনের অবরোধের মধ্যেই শনিবার সোচিতে বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ ঋণ সহায়তার কথা নিশ্চিত করেন। এর আগে, গত অক্টোবরে আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয় রাশিয়া। আগামী জুনেই এবারের এই ঋণ বেরারুশ গ্রহণ করবে বলে জানানো হয়। প্রতিবেশি দেশ বেলারুশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মস্কোর পক্ষ থেকে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তার ঘোষণা দেয়া হয়েছিল। এর আগে, গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে যেতে থাকা রায়ানায়ার এয়ারলাইন্সের ফ্লাইট এফআর ৪৯৭৮ বেলারুশের প্রেসিডেন্টের নির্দেশে মিনস্ক জাতীয় বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এরপর প্রেসিডেন্টের কঠোর সমালোচক টেলিগ্রাম চ্যানেল নেক্সটা মেডিয়া নেটওয়ার্কের সাবেক সম্পাদক রোমান প্রোটাসেভিচকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনাকে ইউরোপীয় নেতারা 'বিমান ছিনতাই' ও 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' হিসেবে আখ্যা দিয়েছেন। বিমানে বোমা আছে এমন তথ্য দিয়ে মিনস্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হলেও পরবর্তিতে তল্লাসী করে কোন বোমা পাওয়া যায়নি।