পাবনার সুজানগরে অত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত দেড় মাসে উপজেলার বিভিন্ন গ্রামে অন্তঃত ২০জন নারী পুরুষ আত্মহত্যা করেছে।
সুজানগর থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এপ্রিল মাস থেকে চলতি মে মাসের ১৫তারিখ পর্যন্ত উপজেলার দুর্গাপুর, শিবরামপুর, ভবানীপুর কাচারীপাড়া, মধুপুর, চলনাচরপাড়া, চরভবানীপুর, ক্রোড়দুলিয়া, নিয়োগীর বনগ্রাম, স্বাগতা এবং কুড়িপাড়াসহ বিভিন্ন গ্রামে অন্তঃত ২০জন নারী-পুরুষ গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যা করেছে। এ ছাড়া এ সময় কমপক্ষে ১০/১২জন নারী-পুরুষ আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ঐ সব আত্মহননকারীদের মধ্যে বেশির ভাগই মহিলা। এদের মধ্যে কেউ কেউ দাম্পত্য জীবনে অশান্তির জের ধরে, কেউ যৌতুক নিয়ে স্বামীর সাথে বিরোধের কারণে, কেউবা বাল্য বিয়ে ও পরকীয়ার জের ধরে আবার কেউবা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। ঐ সকল আত্মহত্যার ঘটনায় সুজানগর থানায় পৃথক পৃথকভাবে ইউ,ডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।