পাবনার ঈশ্বরদীতে শাকিল আহমেদ (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে পৌর এলাকার সরকারি কলেজের সামনে রূপনগরের (মাহাতাব কলোনী) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরের দুবলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও ঈশ্বরদী বাজারের কাপড় ব্যবসায়ী।
রহস্যজনক এই মৃত্যুকে পরিবারের লোকজন, প্রতিবেশীদের হত্যাকান্ড বলে দাবী করেছেন। আর এই হত্যার তীর স্ত্রীর দিকেই নিক্ষেপ করা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মীম খাতুনকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
নিহতের মামা মুলাডুলির ইউপি মেম্বার তারা মালিথা জানান, প্রতিরাজপুর গ্রামের নিজের বাড়ি ছেড়ে শাকিল প্রায় দশ দিন আগে শহরের কলেজ রোডের সামনে একটি বাড়িতে দোতলা ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রীকে সাথে করে থাকতেন। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ভাগিনা শাকিলের ফোন থেকে স্ত্রী ফোন করে আমাকে জানায়, শাকিল কী যেন খেয়েছে কথা বলছে না। এ সময় মেম্বর দ্রুত বাড়িওয়ালার সহযোগিতা নিয়ে পাশের হাসপাতালে নেয়ার জন্য অনুরোধ করেন।
তিনি আরো জানান, আমি দুরে থাকায় ওই এলাকার আত্মীয়-স্বজনকে ঘটনা জানালে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান স্ত্রী মীম মৃত শাকিলকে সামনে নিয়ে বসে রয়েছেন। এ সময় উপস্থিত লোকজন শাকিলের মৃত্যুর কারণ জানতে চাইলে স্ত্রী মীম বলে ৪-৫ জন এসে শ্বাসরোধ করে হত্যা করে চলে গেছে। সে বাঁধা দিলে তাকেও লাথি মেরেছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, স্ত্রী মীমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনা সম্পর্কে এখনই কোন কিছু বলা সম্ভব নয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রহস্যজনক এ হত্যার ঘটনার পরেই গোয়েন্দা পুলিশের ফরেনসিক টিম মরদেহ ও ঘটনাস্থল পরীক্ষা এবং ঘটনার তদন্ত করছে। হত্যাকান্ডের বিষয়টি এখনো জানা যায়নি। তদন্ত টিমের রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারব বলে জানা ওসি আসাদুজ্জামান।