রাজশাহীর চারঘাটে মধুতে ভেজাল মিশিয়ে বাজারজাত করার অপরাধে আবদুল আলীম নামে এক মধু কারখানা মালিককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালাদিয়াড় গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় মধু কারখানা থেকে ৩০ মন মধু জব্দ করে পুলিশ। আটককৃত আবদুল আলীম ওই গ্রামের রুপচান্দ আলীর ছেলে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বালাদিয়াড় গ্রামের রুপচান্দ আলীর ছেলে আবদুল আলীম দীর্ঘদিন ধরে তার নিজ বাড়ীতে মধুর কারখানা বানিয়ে তাতে বিভিন্ন ধরনের ক্যামিলের মিশ্রন ঘটিয়ে সেই মধু বাজারজাত করে আসছিলেন।
এলাকাবাসীর এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ৩০ মন ভেজাল মধুসহ আলীমকে আটক করা হয়। এ বিষয়ে থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।